আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সম্প্রতি ফিলিপাইনের আরসিবিসি কর্তৃক বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করেছে। এতে আরসিবিসি কর্মকর্তাদের সত্যি সত্যি আইনি আচরণ মনে হয়নি। তিনি বলেন, মামলাটা করা হয়েছে তাদের নিজের দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
জাপানের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এ বিচারপতি নির্বাচন হবে। সেই নির্বাচনে জাপানের একজন বিচারপতি প্রার্থী হতে চান, সেখানে তারা বাংলাদেশের সমর্থন চান। আমি তাকে বলেছি, যেহেতু বাংলাদেশ থেকে এই নির্বাচনে কোনো প্রার্থী দেওয়া হবে না তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জাপানের প্রতি সমর্থনের বিষয়টি তাদের জানানো হবে। তিনি বলেন, হলি আর্টিজান মামলার সর্বশেষ তথ্য তাদের জানানো হয়েছে। এই মামলাটি এখন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এই বিচার অনেক দূর এগিয়েছে।
