খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার দাবিতে ড্যাবের মানববন্ধন

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:২৮

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে তার চিকিত্সা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিত্সক নেতৃবৃন্দ। তারা বলেন, গত বছরের ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতারের পর থেকে সরকার তার চিকিত্সা নিয়ে তালবাহানা করছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ও বয়োবৃদ্ধ এই নেত্রী নানাবিধ জটিল রোগে ভুগছেন। বারবার দেশের চিকিত্সক সমাজ, তাঁর পরিবার ও বিএনপি নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে জোর দাবি সত্ত্বেও তাঁর সুচিকিত্সা নিশ্চিত করার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ড্যাবের আহবায়ক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব ডাঃ মোঃ ওবায়দুল কবীর খান, কোষাধ্যক্ষ ডাঃ একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডাঃ এম এ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।