চরফ্যাশনে বেড়িবাঁধ কেটে নির্মিত হচ্ছে পাকা ভবন

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:২৯

চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের হামিদপুর গ্রামের নতুন স্লুইজ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধের ঢাল কেটে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় ছানাউল্লাহ দেওয়ান, রুবেল তালুকদার ও মনোয়ার জমাদার বেড়িবাঁধের ঢাল কেটে ইট দিয়ে পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

দোকানঘর নির্মাণকারী রুবেল তালুকদার এবং মনোয়ার জমাদার জানান, তারা স্থানীয় গফুর হাওলাদারের ছেলে নূরনবী মুন্সির নিকট থেকে দোকান ঘর নির্মাণের জন্য বেড়িবাঁধের ঢাল দৈর্ঘ ১৫ হাত এবং প্রস্থ ১০ হাত প্রতিটি পজেশন ১৭ হাজার টাকা দরে কিনেছেন।

নূরনবী মুন্সি রুবেল তালুকদার এবং মনোয়ার জমাদারের নিকট বেড়িবাঁধের ঢাল বিক্রির কথা স্বীকার করেছেন।

দোকান ঘর নির্মাণকারী ছানাউল্লাহ দেওয়ান জানান, তিনি আশ্রাদ আলী রাড়ীর স্ত্রী ফজিলতের নিকট থেকে পজেশন কিনে দোকান ঘর নির্মাণ করছেন। ফজিলতের ছেলে রহমান জানান, তার মা ছানাউল্লাহ দেওয়ানের কাছে ১৫ হাজার টাকায় একটি পজেশন বিক্রি করেছেন। 

পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২’র নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, বেড়িবাঁধের ঢালে কারো স্থাপনা নির্মাণের অধিকার নাই। যদি কেউ এটা করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।