ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সাড়ে ১২ টার দিকে সাবাশ বাংলাদেশ মাঠে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা চলছিল। এসময় তাদের খেলার মধ্যে অহেতুক দৌড়াদৌড়ি এবং নানা ধরণের সমস্যা সৃষ্টি করছিল স্থানীয় কয়েকজন। এই বিষয়টি নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের নিষেধ করলে তারা কোন তোয়াক্কা না করে স্থানীয় ১০-১২ জন কথা কাটাকাটি শুরু করে। এর এক পর্যায়ে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বিভাগের শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়। পরে মার খেয়ে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পালিয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মাঝে মাঝেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বহিরাগতরা মারধর করে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাস দিলেও কোন ধরণের পদক্ষেপ নিচ্ছে না।
বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর বহিরাগত মেসি, নাঈমসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দেন শিক্ষার্থীরা।
এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় যারা মারধর করেছে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
