মেসিডোনিয়া-গ্রিস সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে ফেলেছেন একদল শরণার্থী। শরণার্থীদের উত্তর-ইউরোপমুখী স্রোত ঠেকাতে এই বেড়াটি তৈরি করে মেসিডোনিয়া কর্তৃপক্ষ। তবে ঠিক কত জন শরণার্থী বেড়া ভেঙে মেসিডোনিয়ায় ঢুকে পড়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে এক দল শরণার্থীকে একটি স্তম্ভ নিয়ে কাঁটাতারের বেড়ায় ধাক্কা দিতে দেখা যায়। একপর্যায়ে বেড়াটির একাংশ ভেঙে পড়ে। বেড়ার অপর পাশে মেসিডোনিয়ার পুলিশ শরণার্থীদের ঠেকাতে টিয়ার গ্যাস ব্যবহার করে। সিরিয়া ও ইরাকের অনেক শরণার্থীই উত্তর ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।
মেসিডোনিয়ায় প্রবেশে বাধা দেয়ায় প্রায় সাড়ে ছয় হাজার মানুষ গ্রিসে আটকে রয়েছেন। খাবার ও ওষুধের অভাবে মানবেতর জীবন যাপন করছেন তারা। অভিবাসীদের ইউরোপমুখী স্রোত ঠেকাতে বেশ কিছু বলকান রাষ্ট্র সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। সূত্র: বিবিসি
