রংপুর থেকে ঢাকা যেতে দিনের বেলায় ট্রেন না থাকায় দুর্ভোগ

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৩৫

রংপুর থেকে ঢাকা যাওয়ার একটিই ট্রেন-রংপুর এক্সপ্রেস। তাও সেটি ছেড়ে যায় রাতের বেলা। আসনের চেয়ে দ্বিগুণ যাত্রী পরিবহন করে ট্রেনটি। দিনের বেলা রাজধানী শহর ঢাকায় যাওয়ার আর কোনো ট্রেন না থাকায় ভীষণ দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। তাদের বিকল্প উপায় সড়ক পথে যেতে হয় ঢাকায়। 

এ অবস্থায় যাত্রীরা দিনের বেলা একটি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়েছে। তাদের বক্তব্য এতে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি কমবে।

রংপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, রংপুর দিয়ে ছয়টি ট্রেন যায়। এর মধ্যে দুটি কমিউটার ট্রেন লালমনিরহাট-দিনাজপুর এবং লালমনিরহাট-পার্বতীপুর, একটি ডেমু (স্পেশাল) লালমনিরহাট-পার্বতীপুর, দুটি লোকাল লালমনিরহাট-পার্বতীপুর, রমনাবাজার-পার্বতীপুর, একটি মেইল সান্তাহার-পঞ্চগড়, দুটি আন্তঃনগর দোলনচাঁপা সান্তাহার-দিনাজপুর ও রংপুর এক্সপ্রেস। 

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজাউল ইসলাম মিলন বলেন, রংপুর কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় দিনের বেলায় একটি ট্রেন সার্ভিস চালু করা খুবই প্রয়োজন। সেইসাথে দিবা ও রাত্রীকালীন ঢাকাগামী ট্রেনের সাথে যদি শীতাতপ নিয়ন্ত্রিত পাঁচটি করে মালবাহী বগি সংযোজন করা যায় তাহলে এ অঞ্চলের উত্পাদিত পণ্য ঢাকাতে খুব সহজেই পরিবহন করা যেত।

রংপুর স্টেশন মাস্টার হোসেন শহীদ সরওয়ার্দির নিকট ট্রেন বৃদ্ধির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে লালমনিরহাট হেডকোয়ার্টার ডিটিএস অফিসই বলতে পারবে। রংপুর স্টেশন সুপারিনটেনডেন্ট শোভন রায় বলেন, আগে যে চারটি ট্রেন চলতো সেগুলো পুনরায় চালু করাসহ দিনের বেলায় ঢাকাররুটে একটি আন্তঃনগর ট্রেনের চাহিদাপত্র দেয়া হয়েছে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বির মাধ্যমে চাহিদাপত্র দেয়া হয়েছিল।