ঝিনাইদহের নিখোঁজ মাদরাসা শিক্ষকের লাশ যশোরে উদ্ধার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৩
ঝিনাইদহ থেকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার ৩৫ দিন পর সোমবার আবু হুরায়রা (৫৫) নামে এক মাদরাসা শিক্ষকের লাশ যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার সকালে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধারের পর রাত ৮টার দিকে হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন স্বজনরা। এর আগে তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিল। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 
আবু হুরায়রা ঝিনাইদহ সদর উপজেলার অশ্বথলী গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহের কুঠি দুর্গাপুর মাদরাসার শিক্ষক। এছাড়া ঝিনাইদহ জামায়াত ইসলামীর সূরা সদস্য বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
 
তিনি আরো জানান, ঝিনাইদহে খ্রিস্টান হোমিও চিকিৎসক সমির উদ্দীন বিশ্বাস হত্যাকাণ্ডের পর থেকে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী নিখোঁজ ছিল। আবু হুরায়রা তাদেরই একজন। সোমবার যশোর কোতোয়ালি থানার মাধ্যমে তার লাশ উদ্ধারের সংবাদ পেয়েছেন।
 
নিহতের ভাই আব্দুল মালেক দাবি করেছেন, ডিবি পুলিশ পরিচয়ে গত ২৪ জানুয়ারি আবু হুরায়রাকে তার কর্মস্থল ঝিনাইদহের কুঠি দুর্গাপুর মাদরাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়।
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস আলী জানান, পুলিশ যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকার বেলতলা নামক স্থানে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়দের খবরের প্রেক্ষিতে মৃতদেহটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরে রাতে তার স্বজনরা মৃতদেহটি দেখে পরিচয় শনাক্ত করেন।