ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ভুরভুরিয়া ও চরহলনিয়া গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত তিতাস নদীতে পলিমাটি জমে জেগে উঠেছে বালুচর। খনন না করার কারণে তিতাস নদী এখন খালে রূপান্তরিত হয়েছে।
একসময় এ তিতাস নদী দিয়ে পাল তোলা নৌকা চলাচল করতো। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর লঞ্চগুলো মালামাল নিয়ে ফরদাবাদ পর্যন্ত আসা-যাওয়া করতো। তখন লঞ্চই ছিলো একমাত্র যাতায়াতের উপায়। লঞ্চ যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার পর ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে এলাকার মানুষ। তিতাস নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে তাও আস্তে আস্তে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেকার হয়ে পড়েছে এলাকার জেলে সম্প্রদায়, বাঁচার তাগিদে অনেকে চলে গেছে এ পেশা ছেড়ে অন্য পেশায়।
ঝুনারচর গ্রামের কৃষক ছলিমউদ্দিন জানান, জেগে ওঠা চরের পাশে যে খাল আকারে রয়েছে তা খনন করলে এলাকার বহু কৃষক ইরি-বোরো জমিতে সেচ সুবিধা দিতে পারবে। এলাকার জনগণের দাবি—জরুরিভিত্তিতে এই খাল খনন করা হোক।
