পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দেখা যেতে পারে অলরাউন্ডার নাসির হোসেনকে।মিঠুন উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেও গ্লাভস হাতে নেওয়ার সুযোগ পাননি। তবে ব্যাট হাতেও তেমন একটা সুবিধা করতে পারেননি তিনি।
অন্যদিকে নুরুলও মূলত উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে একাদশে জায়গা পেয়ে ব্যাটিংয়ে প্রত্যাশা মেটাতে পারেননি। ফলে পাকিস্তানের বিপক্ষে মিঠুন বা নুরুল এই দু'জনের কারো পরিবর্তে নাসিরের একাদশে ঢোকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দলের একটি সূত্র।
ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ঢুকেছেন তামিম ইকবাল। মুস্তাফিজের পরিবর্তে তামিম যদি একাদশে ঢোকেন তবে বাংলাদেশের একজন বোলার কমে যাবে। যে কারণে অলরাউন্ডার নাসিরকে দিয়ে সেই অভাব পূরণ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপের তিন ম্যাচ থেকে দুটি জয় পেয়ে ফাইনালে ওঠার স্বপ্ন জাগিয়ে তুলেছে স্বাগতিক বাংলাদেশ।নাসিরের মতো হার্ডহিটার ব্যাটসম্যানকে একাদশে জায়গা দিয়ে ব্যাটিং লাইনআপকে আরো শক্তিশালী করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
