মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারে গ্রেফতার ২

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৯:৫৯
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্দেশ পেয়ে মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন উপজেলার পাখিওয়ালা গ্রামের আজিজুর রহমান হাবুল (৬৫) ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল মান্নান মনাই (৬৮)। দুজনেই মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।
 
ওসি বলেন, ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানার আদেশ পাওয়ার পর মুছেগুল এলাকা থেকে হাবুল ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকা থেকে মনাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে ধর্ষণ, লুটপাট, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেয়াসহ পাকিস্তানি বাহিনীর পক্ষ অবলম্বন করে স্বাধীনতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।