প্রধানমন্ত্রীর নামে কটূক্তি

বাফুফে কর্মকর্তা কিরণের শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘কটূক্তিকারী’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তা মাহফুজা আক্তার কিরনের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলকে কলুষিত করে চলেছেন দুর্নীতিবাজ কর্মকর্তা মাহফুজা আক্তার কিরন। সরকারের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তি করে সীমাহীন দুঃসাহস দেখিয়েছে তিনি। অতিসত্বর বাংলাদেশ ফুটবলের সকল প্রকার পদ-পদবি থেকে বহিষ্কার করে সর্বোচ্চ শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে কিরনকে। বাফুফে বর্তমান নির্বাহী কমিটিতে যে ২ জন সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য রয়েছেন তাঁদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন মো. আলমগীর, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে মাহফুজা আক্তার কিরনের কুশপুত্তলিকা দাহ করা হয়।