যশোরে চাঁদার দাবিতে সাজু চৌধুরী (২৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল ইসলাম জিসান ও তার সহযোগীরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবার ও পুলিশের দাবি। বুধবার রাত ১১টার দিকে শহরের বিমান অফিস মোড়ে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাজু চৌধুরী শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার স্বপন চৌধুরীর ছেলে।
কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার রাতে শহরের বিমান অফিসের সামনে সাজু চৌধুরীর মাথায় আঘাত করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিসান। চাঁদার দাবিতে এই হামলার ঘটনা ঘটে। জিসানকে আটকের জন্য পুলিশ তত্পরতা চালাচ্ছে বলে ওসি জানান।
