বড় জয় পেলেন হিলারি ও ট্রাম্প

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৩:৩৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সবচাইতে বড় পরীক্ষা অর্থাৎ সুপার টিউসডের ভোটাভুটিতে বড় ধরনের জয় পেয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হিলারি ক্লিনটন সাতটি এবং তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস নিজ রাজ্য ভারমন্টসহ আরো তিনটি রাজ্যে জয় পেয়েছেন।
 
অন্যদিকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পও এখন পর্যন্ত সাতটি রাজ্যে জিতেছেন। আর তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ দুটি ও মার্কো রুবিও একটি রাজ্যে জয়ী হয়েছেন। 
 
মোট এগারোটি অঙ্গরাজ্যে দু দলের সমর্থকরা নিজ নিজ দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোটে অংশ নিয়েছেন। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার মধ্যে এই সুপার টিউসডে বলে পরিচিত মঙ্গলবার দিনটিকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কখনো কখনো এই দিনটির ভোটাভুটিই প্রার্থীদের জন্য সুস্পষ্ট পার্থক্য গড়ে দেয়। 
 
ডেমোক্রেটিক দলে প্রার্থী দুজনই হলেও রিপাবলিকান দলে মোট ৫ জন প্রার্থী লড়ছেন। এরা হলেন ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জন কেসিক এবং বেন কারসন।
 
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ট্রাম্প জিতেছেন ভার্জিনিয়া, জর্জিয়া, অ্যালাবামা, টেনেসি, ম্যাসাচুসেটস, আরকানসাস ও ভারমন্টে। প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ জিতেছেন টেক্সাস ও ওকলাহোমায়, মার্কো রুবিও মিনেসোটায়। ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন জিতেছেন ভার্জিনিয়া, জর্জিয়া, অ্যালাবামা, টেনেসি, আরকানসাস, টেক্সাস ও ম্যাসাচুসেটসে। প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স জিতেছেন ভারমন্ট, ওকলাহোমা, কলোরাডো ও মিনেসোটায়। বিবিসি ও নিউইয়র্ক টাইমস।