শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিত্যক্ত ব্যগ থেকে এক হাজার এটিএম কার্ড উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুথে যন্ত্র বসিয়ে জালিয়াতির ঘটনায় তোলপাড়ের মধ্যে এই কার্ড উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার রিয়াদুল ইসলাম জানান, বুধবার বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি পরিত্যক্ত ব্যাগে তারা ওই এটিএম কার্ডগুলো পান।
রিয়াদুল ইসলাম জানান, 'ওই ব্যাগের মালিক কে? সেটি কীভাবে ওই জায়গায় গেল?'- এ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কাস্টমস কর্তৃপক্ষ কাউকে আটক করতে পারেনি।
গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনটি বেসরকারি ব্যাংকের ছয়টি বুথে 'স্কিমিং ডিভাইস' বসিয়ে তথ্য চুরির পর এটিএম কার্ড ক্লোন করে গ্রাহকের অজান্তে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে তদন্তে নেমে এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখে এক বিদেশি নাগরিক ও তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, এই জালিয়াতিতে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য গ্রেপ্তার বিদেশি নাগরিক পিওতর সেজেফান মাজুরেক ইতোমধ্যে গোয়েন্দাদের দিয়েছেন।
