চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় বুধবার দুপুরে এক মা ও তার কন্যা সন্তানসহ তিন পথচারি নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে। লোহাগড়া উপজেলার রাস্তার মাথা এলাকায় একটি পিকনিক বাস নিয়ন্ত্রন হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন: আয়েশা বেগম (৪৮), সুমিতা রানী (২৮) এবং তার মেয়ে সীমা রানী (৬)। সীমা রানী স্থানীয় ইব্রাহিম মেমোরিয়াল কেজি স্কুলের শিক্ষার্থী। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম. কেফায়েতউল্লাহ জানান, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে চট্টগ্রামগামী পিকনিক বাসটির চালক গাড়ির নিয়ন্ত্রন হারালে সেটি একটি সিএনজি চালিত তিন চাকার অটো রিকশাকে ধাক্কা দেয় এবং তিনজন পথচারিকে আঘাত করে। এতে পথচারি তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
এছাড়াও বাসটি একটি চলন্ত মোটর সাইকেলকে ধাক্কা দিলে এর আরোহী দুই ব্যক্তি গুরুতর আহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
