মাদক ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক ব্যবসায়ীদের কঠোর পরিণতি বরণ করতে হবে। মাদক ব্যবসা ছেড়ে অন্য যে কোনো বৈধ ব্যবসা করুন। কোনো ধর্মই মাদক ব্যবসা অনুমোদন করে না। তাই এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করেন। অন্যথায় মাদক ব্যবসায়ীদের পরিণতি কী হয়েছে সেটা দেখুন। কঠোর ব্যবস্থা নেব। তাদের মতো পরিণতি বরণ করতে প্রস্তুত থাকুন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজানে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ ও মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবির প্রমুখ। মন্ত্রী এর আগে রাউজান থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাতে তিনি জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।
