মালয়েশিয়ায় বিমান যাত্রীদের কাছ থেকে ১৫৯ কেজি চোরাই হাতির দাঁত উদ্ধার করেছে। অবৈধ বাণিজ্যের ক্ষেত্রে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত এ দেশে এটি ছিল সর্বশেষ উদ্ধারের ঘটনা। এক খবরে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
কাস্টমস কর্মকর্তারা জব্দ করা এসব হাতির দাঁত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদর্শন করে। তারা জানায়, এসব দাঁতের মূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার ২শত মার্কিন ডলার। কাস্টমস কর্মকর্তারা জানান, এ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার বিমানবন্দর থেকে ভিয়েতনামের দুই নাগরিককে গ্রেফতার করা হয়। তারা দুইটি ব্যাগে করে ১০১ কেজি হাতির দাঁত বহন করছিল।
পরে সেই দিনই বিমানবন্দর থেকে আরো একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে ৫৮ কেজি হাতির দাঁত রাখা ছিল। ব্যাগটি ভিয়েতনামের এক বিমান যাত্রীর বলে কর্তৃপক্ষ ধারণা করছে। ভিয়েতনামের ওই নাগরিক ইথিওপিয়া থেকে হ্যানয়গামী একটি বিমানের যাত্রী ছিল।
