রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে পায়ের রগ কেটে হত্যা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৪৮

রূপগঞ্জে সন্ত্রাসীরা সোহেল মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে ও পিটিয়ে হত্যা করেছে। বুধবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল মিয়া ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক। তিনি টাওড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে বলে তার বাবা দাবি করেছেন।

সোহেল মিয়ার বাবা মজিবুর রহমান জানান, ভোলাব ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য শরীফ মিয়াসহ তার লোকজন বিএনপি সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তারা সব সময়ই তার ছেলে সোহেল মিয়ার পেছনে লেগে থাকত। এর আগেও একাধিক বার সোহেলসহ তার লোকজনের উপর হামলা চালিয়েছে তারা। বুধবার রাত ৯টার দিকে সোহেল মিয়া ও তার বন্ধু সিরাজ মিয়া টাওড়া বাজার থেকে বাড়ি ফিরছিল। আদর্শ বিদ্যাপীঠ নামের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আসামাত্র ইউপি সদস্য শরীফের নেতৃত্বে লোকমান, কামাল, সাদ্দত আলীসহ ৫/৭ জন মিলে সোহেল মিয়াকে তুলে বিলের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে দুই পায়ের রগ কেটে দেয়। এছাড়া পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে সোহেলকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সোহেল।

এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সোহেলের বন্ধু সিরাজসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।