জাবিতে বিজ্ঞপ্তি ছাড়াই কর্মকর্তা নিয়োগে ক্ষুদ্ধ শিক্ষকরা

আপডেট : ০২ মার্চ ২০১৬, ২০:৩৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজ্ঞপ্তি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের সহকারী হল সুপারিনটেনডেন্ট হিসেবে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার স্বজনপ্রীতি করে এ ধরণের নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কোন ধরণের বিজ্ঞপ্তি ছাড়াই গত মঙ্গলবার ভিসির একান্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার) আমজাদ হোসেনের মেয়ে দিলারা হোসেনকে স্বজনপ্রীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। এর আগেও গত ১৩ জুলাই স্বজনপ্রীতির মাধ্যমে ভিসি তার একান্ত সচিব মো. ছানোয়ার হোসেনের স্ত্রী তাসনিমা খন্দকারকে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের ক্যারিয়ার গাইডেন্স এবং  ভিসির কার্যালয়ের সিনিয়র সর্টার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো.আবু হানিফকে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন। সে সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা ও শিক্ষকদের বিরোধিতা উপেক্ষা করে এমন বিতর্কিত নিয়োগ দিয়ে সমালোচনার মুখে পড়েন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।
 
এরপর ভিসির একান্ত সচিব মো. ছানোয়ার হোসেনের বোন ইয়াসমিন আক্তারকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের হল অ্যাটেনডেন্স  এবং ভিসির কার্যালয়ের সিনিয়র সর্টার মো. সিদ্দিকুর রহমানের মেয়ে সালমাকে কমনরুম অ্যাটেনডেন্স হিসেবে মাস্টার রোলেও নিয়োগ দেন ভিসি।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্চের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় বিশ^বিদ্যালয়ের একজন যোগ্য কর্মকর্তা নিয়োগ পেতে পারে। স্বজনপ্রীতি হচ্ছে দুর্নীতির একটা রূপ। স্বজনপ্রীতির মাধ্যমে যাকে নিয়োগ দেয়া হয় সে কখনো যথাযথ ব্যক্তি হয়ে উঠতে পারেন না।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, গত ‘মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের সহকারী হল সুপারিনটেনডেন্ট হিসেবে একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। তিনি কার কি হন সেটা আমাদের দেখার বিষয় নয়।’
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ‘ইত্তেফাক’কে বলেন, হল থেকে দিলারা হোসেনকে নিয়োগ দানের প্রস্তাব এসেছিল, তাই তাকে জরুরী ভিত্তিতে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া যোগ্য ব্যাক্তি বলেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।