রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোনের হত্যার ঘটনায় সংগৃহীত ১৩টি আলামতের ডিএনএ ও রাসায়নিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার রামপুরা থানার উপ-পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া আলামত পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১১টি আলামতের ডিএনএ পরীক্ষা এবং দুটি রাসায়নিক পরীক্ষার জন্য আদালত অনুমতি দেয় বলে আদেশে উল্লেখ করা হয়। আলামত গুলো হলো, বিছানার চাদর, বালিশের চারটি কভার (সাদা-কালো-লাল স্ট্রাইপ), একটি কম্বল, পুরানো কামিজ, সাদা টিস্যু, খাবারের দাগ লাগানো সংবাদপত্রের পাতা, সাদা কাপড়ের টুকরো ও একটি জর্জেট ওড়না। চাইনিজ খাবারের অবশিষ্টাংশ ও বোতলে থাকা পানির রাসায়নিক পরীক্ষার অনুমতি মিলেছে।
বনশ্রীতে গত সোমবার রাতে নুসরাত জাহান আমান অরণি ও আলভী আমান নামের দুই ভাইবোনের রহস্য জনক মৃত্যু হয়। সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আমান অরণী (১৪) ও হলিক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমান (৬) সোমবার রাতে মারা যায়।
প্রথমে পরিবারের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর একটি চাইনীজ রেস্টুরেন্টের খাবার খেয়ে তারা মারা যায় । মঙ্গলবার ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তাদের দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
