দশ বছরের সাজা বাতিল চেয়ে আপিল খালেদা জিয়ার

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৪৯

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপিলে সাজা বাতিলের পাশাপাশি তিনি জামিনও চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দাখিল করেন তার আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ইত্তেফাককে বলেন, হাইকোর্ট দুদকের এক তরফা শুনানি নিয়ে তড়িঘড়ি করে রায় দিয়ে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করেছেন। আমরা মনে করি- এই রায় আইনসিদ্ধ হয়নি এবং ন্যায় বিচারের পরিপন্থি। এ কারণে রায় বাতিল চাওয়া হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এই সাজা বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আপিল করেন। অপরদিকে সাজা বৃদ্ধি চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের অক্টোবর মাসে হাইকোর্ট খালেদা জিয়ার আপিল খারিজ করে দিয়ে পাঁচ বছরের পরিবর্তে দশ বছর সশ্রম কারাদণ্ড দেয়। হাইকোর্টের রায়ে বলা হয়, এই মামলায় খালেদা জিয়া মূল অপরাধী। ন্যায়বিচারের স্বার্থে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করাই যুক্তিযুক্ত। নিম্ন আদালত সহযোগী হিসেবে এ মামলার অপর আসামিদের দশ বছর দণ্ড দিয়েছে। সেক্ষেত্রে মূল অপরাধী হিসেবে তাকে একই পরিমাণ সাজা দেওয়াটা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। উচ্চ আদালতের এই রায় বাতিল চেয়ে আপিল করেছেন তিনি। আগামী মাসে আপিলটি শুনানির জন্য আদালতে পেশ করতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা।