কুমিল্লায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ০৮:৫৭
কুমিল্লায় র‌্যাবের অভিযানে তিন হাজার ২শ’ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ নাসির এবং নুরুল আফসার নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অপারেশন দল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লহ্মনপুর গ্রামে ওই অভিযান চালায়। রাত পৌনে ১২টায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি অপারেশেন দল মনোহরগঞ্জ উপজেলার লহ্মনপুর গ্রামের ফয়েজ পাটোয়ারী বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির এক ভাড়াটিয়া ঘর থেকে ৩ হাজার ২শ’ ইয়াবা ও মাদক বিক্রির এক হাজার ১৬০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হচ্ছে, একই উপজেলার রাউফুল গ্রামের জহিরের ছেলে নাসির (২৮) এবং মরিচা গ্রামের মনির আহাম্মদের ছেলে নুরুল আফসার খোকন (৩২)।  উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় মাদক ৯ লাখ ৬০ হাজার বলে র‌্যাব জানিয়েছে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানায় মামলা হয়েছে।