পরীক্ষার চাপ কমাতে পূর্ব এশিয়ার নানা কুসংস্কার

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:১০
 
পূর্ব এশিয়ার দেশগুলোতে পড়ালেখার চাপ সাংঘাতিক। ফলে পরীক্ষার সময় প্রচন্ড মানসিক চাপের মধ্যে থাকতে হয় ছাত্র-ছাত্রীদের। সেই চাপ কমাতে পরীক্ষার সময় এই দেশগুলোতে নানারকম কুসংস্কার ও বিশ্বাস রয়েছে।
 
জাপান:
জাপানে ভালো ফলাফলের আশায় পরীক্ষার আগের রাতে বা যাওয়ার আগে গরম এক বাটি ভাতের সাথে ভাজা ডিম খাওয়ার প্রচলন রয়েছে। ডিমের সাথে অনেক সময় শুকরের মাংসের কড়া ভাজা কাটলেট থাকে। এই খাবারটির নাম ‘কাটসুডোন’। জাপানি ভাষায় ‘কাটসু’ শব্দটির অর্থ জিতে যাওয়া।
চকলেট বার কিটক্যাট খেলে পরীক্ষায় ভালো করা যায়- সুইস কোম্পানি নেসলে এরকম একটি প্রচারণা চালিয়ে যাচ্ছে জাপানে।
জাপানি ভাষায় ‘কিট্টো কাটসু’ শব্দের অর্থ নিশ্চিত বিজয়। এই শব্দের সাথে তাদের নামের মিল থাকার সুযোগ নিচ্ছে কিট-ক্যাট।
 
দক্ষিণ কোরিয়া:
দক্ষিণ কোরিয়ার বহু পরীক্ষার্থী পরীক্ষার আগে মাথা ধোয় না। তাদের বিশ্বাস মাথায় পানি দিলে সমস্ত শিক্ষা ধুয়ে চলে যাবে।
পরীক্ষার ঠিক আগে মিষ্টি খাওয়ারও চল রয়েছে কোরীয়দের মধ্যে।
দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় খাবার সমুদ্রের তলে জন্মে এমন এক ধরণের ঘাসের তৈরি স্যুপ। কিন্তু পরীক্ষার দিন অনেকেই সেদিকে তাকাবেই না। তাদের বিশ্বাস, পরীক্ষার আগে এই স্যুপ খেলে পরীক্ষার হলে কিছুই মনে আসবে না।
 
হংকং:
হংকংয়ে পরীক্ষার আগে আপেল খায় ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার আগে হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যান্টিনে পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের আপেল বা আপেলের তৈরি খাবার দেয়া হয়।
 
চীনা ভাষায় আপেলকে বরা হয় ‘পিং গুয়ো’ যার অর্থ ‘নিরাপদ’। সুতরাং চীনা ছাত্র ছাত্রীদের বিশ্বাস আপেল খেলে পরীক্ষায় পাস নিরাপদ হবে।
 
সিঙ্গাপুর:
সিঙ্গাপুরে পরীক্ষার আগে চিকেন স্যুপ খাওয়ার চল বহুদিনের। মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ে পরীক্ষার প্রস্তুতির সময় বহু ছাত্র-ছাত্রী মুরগির মাংসের স্যুপ খায়। তাদের বিশ্বাস এতে তাদের মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা বাড়বে। বিশেষ করে সিঙ্গাপুরে ছাত্রদের মধ্যে চিকেন স্যুপ খেতে ব্যাপক প্রচার চালানো হয়।
 
চীন:
চীনাদের কাছে লাল হচ্ছে সৌভাগ্যে রং। ফলে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের মধ্যে লাল রংয়ের পোশাক পরার প্রবণতা লক্ষ্য করা যায়। পরীক্ষায় সাফল্যের জন্য বিশেষ করে লাল অন্তর্বাসের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে চীনাদের মধ্যে।-বিবিসি।