ভারতের ছাত্রনেতা কানহাইয়ার জামিন

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১১:২৮
 
 
‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে গ্রেফতার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট কানহাইয়া কুমার জামিন পেয়েছেন। বিবিসি বলছে, বুধবার দিল্লির তিহার জেল থেকে ছয় মাসের জামিনে তাকে মুক্তি দেয়ার আদেশ দেয় উচ্চ আদালত। ১০ হাজার রুপিতে তার জামিন নির্ধারিত হয়।
 
কাশ্মিরের স্বাধীনতাকামী ও ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত মোহাম্মদ আফজাল গুরুর ফাঁসির তৃতীয় বার্ষিকীতে জেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করলে গেল মাসে গ্রেফতার হন কানহাইয়া।
 
২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন আফজাল ‍গুরু। যদিও বরাবরই ওই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
 
কাশ্মীরের জঙ্গিদের ওই হামলায় ১৪ জন  নিহত হয়েছিল। বিচারে আফজাল গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি তার দণ্ড কার্যকর হয়।
 
ওই সমাবেশে কানহাইয়া ও তার সহযোগীরা ভারতবিরোধী স্লোগান দিয়েছেন বলে অভিযোগ ওঠে। একই অভিযোগে আটক কানহাইয়ার দুই সহযোগী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। এই দুজনকে গেল সপ্তাহে গ্রেফতার করা হয়।