ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের একদিন পর সেনা এবং তল্লাশি ও উদ্ধারকর্মীদের নিয়ে একটি জাহাজ বৃহস্পতিবার প্রত্যন্ত এলাকার উদ্দেশে রওনা দিয়েছে। ভূমিকম্পে প্রত্যন্ত দ্বীপটিতে বসবাসকারীদের অবস্থা জানতে দলটিকে পাঠানো হচ্ছে।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ সুমাত্রার অদূরে বুধবার রাতে সমুদ্রের তলদেশে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা পাহাড়ের দিকে ছুটতে থাকে। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ অল্প সময়ের জন্য সুনামির সতর্কতা জারি করে। বুধবারের ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরেই সুনামি সতর্কতা তুলে নেয়া হয় এবং প্রধান নগরীগুলোতে জনজীবন স্বাভাবিক হয়ে আসে। এখন পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগে হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
যদিও জাতীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, সুমাত্রার পশ্চিম উপকূলের মেনতাওয়াই দ্বীপপুঞ্জের তুয়াপেজাতে সৈন্য এবং তল্লাশি ও উদ্ধারকারী কর্মকর্তাবাহী একটি জাহাজ পাঠানো হয়েছে। সেখানে বসবাসরত বিচ্ছিন্ন হয়ে পড়া বাসিন্দাদের খোঁজ খবর নিতে দলটিকে পাঠানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত তুয়াপেজাতের সঙ্গে টেলি যোগাযোগ সম্পূর্ণভাবে স্থাপন করা হয়নি। তবে তারা এও জানিয়েছে যে প্রত্যন্ত দ্বীপগুলোতে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। সংস্থার পশ্চিম সুমাত্রা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘পরিস্থিতি সম্পর্কে অবগত হতে দলটি সেখানে যাচ্ছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই অঞ্চলের বাসিন্দারা এখনো পাহাড়ে আশ্রয় নিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
