আফ্রিকার পূর্ব উপকূল মোজাম্বিকে পাওয়া বিমানের একটি টুকরো পরীক্ষা-নিরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। সর্বশেষ প্রাপ্ত এ টুকরো রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মালয়েশিয়ার ফ্লাইট এমএইচ৩৭০’র কিনা সেখানে বিশেষজ্ঞরা তা যাচাই-বাছাই করে দেখবেন।
বিমানের এ টুকরো মোজাম্বিক উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে এটি থেকে দুর্ভাগ্যজনকভাবে নিখোঁজ হওয়া মালয়েশিয়ার এমএইচ৩৭০ ফ্লাইটের ব্যাপারে কোন তথ্য পাওয়া যেতে পারে। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লিও লিও বুধবার রাতে জানান, প্রাথমিক তথ্য থেকে ধারণা করা যাচ্ছে যে, এটি বোয়িং ৭৭৭’র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী। এটি দেখতে মালয়েশিয়ার নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০’র মডেলের মতো। বিমানটি ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বিমানটিতে যাত্রী ও ক্রু মিলে ২৩৯ জন আরোহী ছিলো। এএফপি।
