বাহুবলে ইউএনওর বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:৩০

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন আহমেদ প্রধান বুধবার সন্ধ্যায় এ আদেশ দেন। এর আগে আদালতে দুপুরে মামলাটি করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরী। মামলায় ইউএনও ছাড়াও তার অফিস সহকারী হরিপদ দাসসহ অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ৬ মার্চ উপজেলার সাতকাপন ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁধে মাটির কাজের দু’লাখ টাকার বিলের একটি চেকে সই করার জন্য ইউএনও তার অফিস সহকারী হরিপদকে উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরীর কাছে পাঠান। কাজটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনি চেকে সই দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্রকৌশলীর কক্ষে গিয়ে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তাকে গ্রেফতারের আদেশ দেন। পরে তাকে ইউএনও’র কক্ষে নিয়ে আটক রাখা হয়। খবর পেয়ে হবিগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবু জাকির সেকান্দর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে মুচলেকা দিয়ে উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন ছাড়া পান। এ ঘটনায় প্রকৌশলী নিজের ও তার বিভাগের কমপক্ষে ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।