উপসাগরীয় ছয়টি দেশ নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহকে 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে ঘোষণা দিয়েছে। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই এই ঘোষণা দেয়া হল। দেশটিতে প্রাসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই করছে হিজবুল্লাহ।
জিসিসির সদস্য দেশগুলো হল, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সুন্নিপন্থী দেশগুলো দ্বারা নিয়ন্ত্রিত জিসিসির অভিযোগ, হিজবুল্লাহ উপসাগরীয় দেশগুলোতে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত করছে।
হিজবুল্লাহকে সমর্থন করছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ইরান। সিরিয়া যুদ্ধে সম্পূর্ণ বিপরীত মেরুতে দেশদুটোর অবস্থান।
এমন অবস্থায় বেশ কিছুদিন ধরেই হিজবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রকমের কড়া ব্যবস্থা নিচ্ছে উপসাগরীয় সুন্নিপ্রধান দেশগুলো। গত মাসে নিজ নিজ দেশের নাগরিকদের হিজবুল্লাহ প্রভাবিত লেবানন ছাড়ার নির্দেশ দেয় কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এছাড়া লেবাননে বিভিন্ন তহবিলও বন্ধ করে দিচ্ছে দেশগুলো।
এর আগে গত মঙ্গলবার হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ টেলিভিশনে দেয়া এক ভাষণে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সৌদি সরকার লেবাননের জনগণের ওপর চাপ প্রয়োগ করে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু সৌদি আরব ইয়েমেনসহ অন্য দেশগুলোতে যে অপরাধ সংঘটিত করছে তার বিরুদ্ধে আমাদের চুপ করানো যাবে না’। সূত্র: আল জাজিরা ও বিবিসি
