রাজধানীর তেজগাঁওয়ে বিষপান করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম (৪৫)। তেজগাঁওয়ে লুকাসের মোড় এলাকায় বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নুরুল ইসলামের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বনগ্রামে।
তেজগাঁও থানা পুলিশ জানায়, নুরুল ইসলাম তেজগাঁওয়ে লুকাসের মোড় এলাকায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা পুলিশ এখনও জানতে পারেনি।
