সিরিয়ায় গাড়ি বোমা হামলায় বিদ্রোহীদের নেতা নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২১:১৭
সিরিয়ার গোলান এলাকায় গাড়ি বোমা হামলায় বিদ্রোহী গ্রুপ 'সিরিয়ান রেভলিউশনারিস ফ্রন্ট' এর শীর্ষ নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিন জন বিদ্রোহী নেতাসহ মোট ১৮ জন নিহত হয়েছেন।
 
বুধবার সন্ধ্যার দিকে সিরিয়ার ইসরাইল অধিকৃত এলাকার দিকে এই ঘটনা ঘটে। হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও দেশটিতে ক্রিয়াশীল অন্যান্য বিদ্রোহী সংগঠনগুলো শান্তিচুক্তি ভঙ্গ করার জন্য সরকারকে দায়ী করছেন।
 
কুনেইত্রা প্রদেশে বিদ্রোহী বাহিনীটির স্থানীয় অর্থ সংক্রান্ত অফিসের সামনে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিহত নেতার নাম মোহাম্মদ আল কাইরি। তিনি আবু হামজা আল নাইমি নামেও পরিচিত। হামলা স্থলে উপস্থিত একজন আল জাজিরাকে জানিয়েছেন, বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এতে রাস্তায় প্রায় এক মিটার গভীর খাদ ও পার্শ্ববর্তী বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।