উচ্ছেদের সময় বাড়ালেন আনিসুল হক

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২১:৩৭
রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান সরিয়ে নেয়ার জন্য প্রথমে এক সপ্তাহ সময় দিয়েও পরে তা বাড়িয়ে এক মাস করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এই নির্দেশ পালন করা না হলে এরপর থেকে ভ্রাম্যমাণ মোবাইল টিম রাস্তায় রাস্তায় ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। 
 
বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। 
 
সভার শুরুতে মেয়র আনিসুল দোকান মালিকদের উদ্দেশে বলেন, আমরা আইনি ঝামেলায় যেতে চাই না। মামলায় আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দোকানের বাইরে এক ইঞ্চি জায়গাতেও মালামাল বাইরে রাখতে পারবেন না। আপনাদের যতটুকু জায়গা বরাদ্দ আছে। তার বাইরে এক ইঞ্চিও রাখার কোনো অধিকার নেই।
 
বিভিন্ন মার্কেটের বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে তিনি বলেন, আপনারা নিজেদের মত করে ডাস্টবিন করুন। সেখানে আবর্জনা রাখুন। সিটি করপোরেশন নির্দিষ্ট সময়ে সেখান থেকে আবর্জনা সংগ্রহ করবে।
 
মেয়র বলেন, আমি ঘুরে ঘুরে দেখেছি যে অধিকাংশ দোকানের ব্যবসায়ীরাই নির্দিষ্ট জায়গার বাইরে রাস্তার ওপর মালামাল রেখে ব্যবসা করছেন। পাবলিক স্পেস মুক্ত করতে আমরা আপনাদের সাহায্য চাই।
 
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব শাহ আলম খন্দকার, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, দোকান মালিক নেতা হুমায়ূন কবির আজাদ, জালাল রিজভী, মতিউর রহমান প্রমুখ।