প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বলেছেন, আমাদের দেশে নির্বাচন এলে যুদ্ধ পরিবেশ তৈরি হয়। সেখানে লোক থাকতে হবে, সেন্টার পাহারা দিতে হবে, নির্বাচন নিয়ে এ রকম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু উন্নত দেশগুলোতে এ রকম পরিবেশ তৈরি হয় না। একদিন আমাদের দেশেও ওই সব দেশের মতো পরিবেশ তৈরি হবে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকন উদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সিইসি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, নির্বাচন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। সকল বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নির্বাচনে ভোটার উপস্থিতি কম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, আমরা নির্বাচন আয়োজন করি। আমাদের এটা নিয়ে মূল্যায়ন করার কিছু নেই। কে নির্বাচনে আসবে; না আসবে এটা তাদের নিজস্ব ব্যাপার। বড় দল নির্বাচন বয়কট করায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। কিন্তু ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানসহ জেলার সবকটি উপজেলার নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
