ভাই-বোন খুন: মায়ের বিরুদ্ধে বাবার মামলা

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৩:২৫
ঢাকার রামপুরায় দুই শিশু খুনের ঘটনায় তাদের মায়ের স্বীকারোক্তি পাওয়ার কথা র‌্যাব বলার পর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন শিশু দুটির বাবা।
 
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশু দুটির বাবা আমানউল্লাহ বাদী হয়ে রামপুরা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, মামলায় শিশুদের মা মাহফুজা মালেক জেসমিনকে একমাত্র আসামি করা হয়েছে।
 
এদিকে রাজধানীর রামপুরায় দুই ভাই-বোনকে হত্যার কথা তাদের মা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব। বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বৃহস্পতিবার সকালে বলেন, ‘তাদের মা মাহফুজা মালেক জেসমিন পরিকল্পিতভাবে সন্তানদের হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।’
 
গত সোমবার বিকালে বনশ্রীতে নিজেদের বাসায় দুই শিশু নুসরাত আমান অরণী (১৪) এবং তার ভাই আলভী আমানকে (৬) বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। চাইনিজ রেস্তোরাঁ থেকে আনা খাবার খেয়ে শিশু দুটির মৃত্যুর সন্দেহের কথা পরিবারের পক্ষ থেকে বলা হলেও পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে মেলে হত্যাকাণ্ডের আলামত। এরপর বুধবার জামালপুর থেকে শিশু দুটির বাবা, মা ও খালাকেও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে র‌্যাব।