ভারতে চীনা পণ্য বর্জনের ডাক

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:৩৯

ভারতে জঙ্গি হামলার দায়ে জাতিসংঘে জইশ-ই-মুহাম্মদের নেতা মাসুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণার প্রস্তাবে চীন ভেটো ক্ষমতা প্রয়োগ করে আটকে দেওয়ায় চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছেন ভারতীয় টুইটার ব্যবহারকারীরা। গত দশ বছরের মধ্যে চতুর্থবারের মতো জাতিসংঘে মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাব আনার পর চীনের বিরোধিতায় তা আটকে গেছে। এর আগে মুম্বাই হামলায় সম্পৃক্ততার অভিযোগে ২০০৯ সালে মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাব দেয় ভারত। ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পর আবারও তাকে নিষিদ্ধ করবার প্রস্তাব দেয় ভারত। ২০১৭ সালেও তিন স্থায়ী সদস্য দেশ আবারও একই ধরনের প্রস্তাব আনে। প্রতিবারই নিষেধাজ্ঞা কমিটিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করে ভারতের প্রস্তাব আটকে দেয় চীন।

তবে এবার ভারতীয় মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে। এর জের ধরে সামাজিক মাধ্যম টুইটার ব্যবহারকারীরা  ‘বয়কটচায়নিজপ্রোডাক্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করে চীনা পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন। ভারতের ইয়োগা গুরু বাবা রামদেবও ভারতে চীনা পণ্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। -এনডিটিভি