ঢামেকে শিশু নিয়ে পালানোর সময় নারী আটক

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৮:৪২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে দেড় বছর বয়সী এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পলি আক্তার (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে। শিশুটির নাম আয়শা আক্তার বলে জানা গেছে। 
 
শুক্রবার বিকেল ৪টার দিকে ঢামেকের বার্ন ইউনিটের ৫তলার ৫২৫নং কক্ষে এ ঘটনা ঘটে। 
 
শিশুটির মা রেহানা বলেন, আমরা যশোর থেকে এসেছি। আমার স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় গত ৬ মাস ধরে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অপরিচিত পলি বৃহস্পতিবার রাতে তাদের কাছে আসেন। এসে বিভিন্ন গল্প করেন। বাচ্চাকে কোলে নেন। তখন পলি তাদের জানান, নতুন ভবনে তার রোগী আছে। 
 
এরপর শুক্রবার বিকেলে আবারও তাদের সিটে আসেন পলি। এ সময় গল্প করার এক পর্যায়ে বাচ্চাকে রেখে বাথরুমে যান রেহানা। ওই ফাঁকে শিশুটিকে নিয়ে পলি নিচে চলে যান। এ সময় বার্ন ইউনিটের প্রধান গেট দিয়ে বের হওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় পলিকে আটক করা হয়। 
 
পপি সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি বাচ্চা চোর নন। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। দুদিন আগে তিনি ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে মোসলেম মিয়া নামের একজনের কাছে আসছিলেন। তবে বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি—এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পপি।
 
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, বাচ্চা নিয়ে বের হওয়ার সময় পলি নামে এক নারীকে আটক করা হয়েছে। এখন তার তথ্য অনুযায়ী মোসলেমকে খোঁজা হচ্ছে।