জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ দিনব্যাপী ৯ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া চত্বরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন। এ সময় তিনি বলেন, 'পুনর্মিলনী শুধু স্মৃতিচারণের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়কে নতুন পথ দেখানোরও দিশারী।'
তিনি বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সাবেক শিক্ষার্থীরা পরামর্শ দিয়ে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।' এছাড়া তিনি বিভাগীয় শিক্ষকদের শিক্ষাদানে যত্নবান এবং গতিশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ কর্ম-কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক আমির হোসেন এবং সাবেক শিক্ষক আমিন মুহম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এ, কে, এম শহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক, সাবেক শিক্ষকসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
