সোনাইমুড়ীতে যুবদল নেতাকে তুলে নিয়ে গুলি করে হত্যা

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:৫২

সোনাইমুড়ি উপজেলার কেশবপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা আমজাদ হোসেন (৪৩) নামে এক যুবদল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমজাদ কেশবপুর গ্রামের মনগাজী ভূঁইয়া বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি আমিশাপাড়া ইউনিয়নের নোয়াগাঁও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাবলু।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ গত কয়েক বছর থেকে ঢাকা বসবাস করছেন। তার বিরুদ্ধে মামলা থাকায় হাজিরা দিতে গত বুধবার ঢাকা থেকে বাড়ি আসেন। গতকাল সকাল ১০টার দিকে আমজাদ তার বাড়ির সামনে চা দোকানে আসলে ৪/৫ অস্ত্র ধারী সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায়। পরে গুলি করে এবং পিটিয়ে হত্যা করে তাকে দানপুর তুলাছারায় ফেলে চলে যায়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু জানান, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমজাদের পরিবার জানান, আমজাদ এক সময় যুবদল করলেও বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান, আমজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।