'আওয়ামী লীগের অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব তথ্য মিডিয়াতে আসেনি। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে এবং শীর্ষ নেতাদের ওপর আস্থা না থাকায় কিছু কিছু জায়গায় বিএনপি প্রার্থী দিতে পারেনি।' শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই কথা বলেন।
নিজ বাসভবনে দুস্থদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, 'যারা একটু সমাজ সচেতন মানুষ তারা বিএনপির মতো ঘৃণিত দলের সাথে থাকতে চাচ্ছেন না। সে কারণে যদি তারা তাদের প্রার্থী না দিতে পারে সেটা তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতার দায়ভার অন্য কেউ বহন করতে পারে না।'
এ সময় জেলা সদর উপজেলা ভূমি কর্মকর্তা হাফিজ-আল আসাদ, আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
