টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মিরপুরে ইউসিবি বুথ থেকে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালের টিকেট বিক্রি বন্ধ রয়েছে। এদিকে টিকিট প্রত্যাশীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। টেলিভিশনে প্রচারিত মন্তব্যে দেখা যায়, একজন অভিযোগ করছেন, ব্যাংক থেকে একটি টিকিটও দেয়া হয়নি।
শনিবার সকালে ব্যাংকের শাখার সামনে ভিড় জমান হাজারো টিকিট প্রত্যাশী। বেলা ১২ টা থেকে টিকিট বিক্রি হওয়ার কথা ছিল। তাদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ-ভাঙচুরের ঘটনাও ঘটে। এর মধ্যেই ‘টিকেট নাই’ এবং ‘জাল টিকেট বিক্রি হচ্ছে’ গুজব ছড়ালে বেলা পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানো টিকেট প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, টিকেট প্রত্যাশীরা টিকেট বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছুড়তে শুরু করে। এর পরপরই আসে টিকিট বিক্রি বন্ধের ঘোষণা।
মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন বলেন, ‘টিকিট বিক্রি শুরুর আগেই এক পর্যায়ে ব্যাংকে ইট নিক্ষেপ এবং সড়কে গাড়ি ভাঙচুর শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে।’ কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
