‘জঙ্গিবাদ ও তার কেয়ারটেকার বিএনপি-খালেদার সঙ্গে মিটমাট নয়’

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৭:০২
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও তার কেয়ারটেকার বিএনপি-খালেদার সঙ্গে মিটমাট কিংবা আপোষের কোন সুযোগ নেই। বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে আরেকধাপে উঠতে হলে জঙ্গি দমনের জন্য যুদ্ধ, নিজ শক্তিতে উন্নয়নের যুদ্ধ, বৈষম্যের অবসান ও সুশাসনের এই ৩ যুদ্ধে জয়ী হতে হবে। এই ৩ যুদ্ধের প্রতিপক্ষ জঙ্গিবাদী ও তার কেয়ারটেকার-পাহারাদার খালেদা জিয়া এবং বিএনপি। 
 
তিনি বলেন, খালেদা জিয়া আগুন যুদ্ধে পরাজিত হলেও পিছু হটেনি। এখনও হার মানেনি, ভুল শিকার করেনি, শোধরায়নি কিংবা ক্ষমা চায়নি এবং জঙ্গী সঙ্গ ছাড়েনি। তাই খালেদা ও বিএনপি’র সঙ্গে মিটমাটের কোন সুযোগ নেই। 
 
শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হাসানুল হক ইনু আরও বলেন, আমরা আরেকটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। এখানে কোন নিরপেক্ষতার জায়গা নেই। অতীতে যেমন ৫২, ৭১ কিংবা ৯০ এ মিটমাট কিংবা আপোষের কোন সুযোগ ছিল না তবুও আমরা জয়ী হয়েছি। পাকিস্তান কিংবা রাজাকারের সঙ্গে আমরা মিটমাট করিনি। তেমনি এবারও কোন মিটমাটের জায়গা নেই। খালেদা জিয়া ও বিএনপি জঙ্গী উৎপাদন এবং পুনঃউৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। সে কারণে খালেদা কেয়ারটেকার। তাই খালেদা ও বিএনপিকে রাজনৈতিক ভাবে উৎপাটন করতে হবে। 
 
রংপুর জেলা জাসদের সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম তানসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপি, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা। 
 
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, করিম শিকদার, শওকত রায়হান, মঞ্জুর আহমেদ মঞ্জু, আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান রোকন, জুলফিকার মান্নান জামি, ইমরান আল আমিন।