ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী গেরিলাদের সাথে বন্দুকযুদ্ধে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নকশালবিরোধী কোবরা ইউনিটের তিন কমান্ডো নিহত হয়েছেন। ওই ঘটনায় সিআরপিএফ-এর আরো ১৩ সদস্য আহত হন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরবর্তী সুকমা জেলায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমান্ডো ব্যাটেলিয়ন ফর রিসলিউট অ্যাকশন (কোবরা) ২০০৮ ব্যাটেলিয়নের একটি দল ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপের সদস্যদের সঙ্গে নিয়ে যৌথভাবে দাব্বামার্কা জঙ্গলে একটি তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। অভিযানের মধ্যেই মাওবাদী গেরিলাদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। মাওবাদীদের আক্রমণের মুখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাব্বামার্কা জঙ্গল থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী কিসতারামে সরে যাওয়ার সময় বেশ কয়েকবার হামলার মধ্যে পড়ে।
মাওবাদী গেরিলাদের সাথে তাদের এই বন্দুকযুদ্ধ প্রায় ১২ ঘণ্টা ধরে চলে। এতে তিন কমান্ডো নিহত হন। আর আহত হন আরো ১৩ জন। এদের মধ্যে ব্যাটেলিয়ন কমান্ডার পিএস যাদবও রয়েছেন। নিহত তিন কমান্ডোর হলেন, ফতেহ সিং, এনএস লানজু এবং লক্ষণ কুর্তি। গুরুতর আহতদের কিসতারাম ক্যাম্প থেকে হেলিকপ্টারে করে প্রাদেশিক রাজধানী রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।
