ছাগলনাইয়ায় অজ্ঞাত রোগে ১০ মাদ্রাসা ছাত্রী অসুস্থ

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৭:৪৬
ছাগলনাইয়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ১০ জন মাদ্রাসা ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। অজ্ঞান অবস্থায় ছাত্রীদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শনিবার সকালে উপজেলার নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শনিবার ১০টার দিকে অন্যান্য দিনের মতো ছাত্রীরা মাদ্রাসায় আসে। প্রথমে অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৩)হঠাৎ অজ্ঞান হয়ে শ্রেণি কক্ষে পড়ে ছটপট করতে থাকে। এর পর একে একে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী তাসানুর নাহার, নুরসাত জাহান, আরমা সুলতানা, রাজিয়া সুলতানা তানজিনা, সপ্তম শ্রেণির জান্নাতুন নাঈমা, সালমা আক্তার, ইসরাত জাহান, সাপিয়া আক্তার, আসমাউল হুসনা ও চতুর্থ শ্রেণির আয়শা আক্তার ফ্লোরে বেহুস হয়ে পড়ে ছটপট করতে থাকে। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীদের স্বজনেরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থ্যদের মধ্যে নুসরাত জাহান, আরমানা সুলতানা ও আয়শা আক্তারের অবস্থার অবনতি হলে তাদের ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইউনুছ জানান, ক্লাস শুরুর আগে একটি মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে দেখতে এসে অন্যরাও একের পর এক অজ্ঞান হয়ে পড়ে।
 
এ ব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জোনায়েদ মাহমুদ খাঁন জানান, ধারণা করা হচ্ছে এটি গণহিস্টেরিয়া রোগ।