ফিলিপাইনে উ. কোরিয়ার জাহাজ আটক

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৭:৪৮
উত্তর কোরিয়ার একটি কার্গো জাহাজ আটক করেছে ফিলিপাইন কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নতুন অবরোধের প্রেক্ষিতে জাহাজটি আটক করা হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় তাদের ওপর এ অবরোধ আরোপ করা হয়।
 
ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র মানোলো কুয়েজন সরকারি বেতার কেন্দ্রকে জানান, উত্তর কোরিয়ার জিন তেং নামের ৬ হাজার ৮৩০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজটিকে রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বাঞ্চলীয় সুবিক বন্দর ত্যাগের অনুমতি দেয়া হবে না। জাহাজটি তিনদিন ধরে সেখানে নোঙর করে আছে। জাহাজটির নাবিকদের শিগগির ফিরে যেতে বলা হবে।
 
কুয়েজন বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। তাই এক্ষেত্রে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে ফিলিপাইনের দায়িত্ব রয়েছে।
 
উল্লেখ্য, গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের পর এটি এ ধরনের প্রথম আটকের ঘটনা। সূত্র: এএফপি