এশিয়া কাপ ফাইনালে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে আজ মাঠে নামলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার ‘ফিফটি’ করবেন তিনি। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক থেকে বাংলাদেশ এ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ৫৪টি। এর মধ্যে পাঁচটিতে ছিলেন না মুশফিক। বাকি ৪৯টিতেই খেলেছেন তিনি। এই ৪৯ ম্যাচে মুশফিক রান করেছেন ৬৫৫। সর্বোচ্চ ইনিংস ৫০, ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এর পর সেরা পাঁচে আছেন যথাক্রমে মাহমুদউল্লাহ (৪৫), তামিম ইকবাল (৪৫) ও মাশরাফি বিন মুর্তজা (৪১)।
