উত্তর কোরিয়ার জাহাজ জব্দ করলো ফিলিপাইন

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১২:০১
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অর্থনৈতিক অবরোধ আরোপের এক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার একটি জাহাজ জব্দ করেছে ফিলিপাইন। দেশটির ডেপুটি প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, অর্থনৈতিক অবরোধ বলবৎ করতে ফিলিপাইনকে তার দায়িত্ব পালন করতে হবে।
 
ফিলিপাইনের জব্দ করা উত্তর কোরিয়ার জিন তেং জাহাজটি দেশটির ওশেন ম্যারিটাইম ফার্ম পরিচালিত ৩১ টি জাহাজের একটি। এটি এখন ফিলিপাইনের সুবিক বেতে নোঙ্গর করে আছে এবং পাম এর বিচি এই জাহাজ থেকে নামানো হচ্ছে। 
 
গত জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুথ পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানোর পরে দেশটির উপর নতুন করে অর্থনৈতিক অবরোধ করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া যাওয়া এবং আসা সব কার্গো কঠোরভাবে পরিদর্শন করা হবে। 
 
ফিলিপাইনের সরকার জানিয়েছে তারা জিন তেং জাহাজটি জব্দ করবে এবং জাহাজের ক্রুদের উত্তর কোরিয়ায় ফেরত পাঠাবে। শুক্রবার এই জাহাজটি পরিদর্শনের সময় ফিলিপাইনের কোস্ট গার্ড নিরাপত্তা ঝুঁকি খুজে পেয়েছে বলে জানায়। শনিবার দ্বিতীয়বারের মতো পরিদর্শন করা হয় বলে জানায় ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডার আরমান্ড বালিও। জাহাজের ২১ জন ক্রু কোস্ট গার্ডের সঙ্গে বেশ সহযোগিতা করেছে বলে জানিয়েছেন তিনি। বিবিসি।