নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সলিমুল্লাহ মুসলিম হলে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. হাফিজুল মোল্লার পিতা এসহাক মোল্লাকে ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে। আজ রবিবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই টাকা হস্তান্তর করেন।
টাকা হস্তান্তর অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, প্রয়াত হাফিজুল মোল্লার বাবা ইসহাক মোল্লা, মাহালিমা বেগম প্রমুখউপস্থিত ছিলেন।
তাকে প্রদান করা ৪ লাখ টাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ লাখ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদ ৫০ হাজার টাকা, মার্কেটিং বিভাগ ৫০ হাজার টাকা, সলিমুল্লাহ মুসলিম হল কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা, মার্কেটিং বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন ৫০ হাজার টাকা, অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ৫০ হাজার টাকা এবং হাসান আহমেদ চৌধুরী কিরণ ৫০ হাজার টাকা প্রদান করেন।
প্রসঙ্গত, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শোকার্ত পরিবারকে পরবর্তীতে আরো ৫ লাখ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, মো. হাফিজুল মোল্লা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। ফরিদপুর হাসপাতাল থেকে ঢাকায় আনার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামে।
