সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শাহ আলম (৪০) নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন। রবিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহ আলম এনায়েতপুরের ভাঙ্গাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, যমুনা নদীর ধুলিয়াবাড়ি চর এলাকায় নিজ জমি থেকে মসুর কলাই তুলে ডিঙ্গি নৌকায় এনায়েতপুরে ফিরছিলেন শাহ আলমসহ অপর ৪ কৃষক। সন্ধ্যার পর ঝড়ের কবলে পড়লে নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়। এ সময় বাকি চার কৃষক তীরে উঠে আসতে সক্ষম হলেও শাহ আলম নিখোঁজ হন।
