ময়মনসিংহে যাত্রীবাহী ট্রেন ও ট্রাক সংর্ঘষের ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়ার ফলে প্রায় ৬ ঘণ্টা পর ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ এ তথ্য জানান।
এর আগে সকাল ৬টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়াটখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় ঢাকা মেট্রো-ট ১৩-১৭৮৩ নম্বরের একটি ট্রাকের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ ২ জন আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
