সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? এমন বিতর্কের জেরে ভারতে এক বন্ধুর হাতে খুন হলো আরেক বন্ধু। ভারতের মুম্বাইয়ের পূর্ব নালাসোপারা এলাকায় এই ঘটনা ঘটেছে।
সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তরুণের নাম ওবিনা দুরুমচুকু)। তিনি নাইজেরিয়ার নাগরিক। শনিবার ভাড়া করা ফ্ল্যাটে স্বদেশী বন্ধু মাইকেল চুকুমার (২২) সঙ্গে তার ৩৪তম জন্মদিন উদযাপন করছিলেন। রবিবার সকালে তারা ফ্ল্যাটের ব্যালকনিতে ফুটবল খেলা শুরু করেন। তারা দুইজনই মদ্যপ ছিলেন।
খেলা চলাকালে মেসি নাকি রোনালদো সেরা এটা নিয়ে দুইজনের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওবিনা একটি মদের খালি বোতল মাইকেলকে লক্ষ্য করে ছুড়ে মারেন। বোতলটি দেয়ালে লেগে টুকরো টুকরো হয়ে যায়। এরপর মাইকেল একটি টুকরো তুলে ওবিনার গলা কেটে দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চিত্কার শুনে প্রতিবেশী পুলিশকে ফোন দেয়। পুলিশ আসতে আসতে মাইকেল চতুর্থ তলায় নেমে যান। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওবিনা ও মাইকেল দুজনের পাসপোর্টের মেয়াদ চলতি বছর শেষ হয়েছে। তারা অবৈধভাবে এখানে বাস করছিলেন।
