মেইনে স্যান্ডার্সের কাছে হারলেন হিলারি

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৪:২৫
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন মেইন অঙ্গরাজ্যের ককাসে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের কাছে পরাজিত হয়েছেন। রোববার অঙ্গরাজ্যটির ডেমোক্রেট দলীয় সংখ্যাগরিষ্ঠ ভোটার স্যান্ডার্সকে প্রেসিডেন্ট প্রার্থী করার পক্ষে রায় দেন।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯১ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, স্যান্ডার্স ৬৪ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ৩৬ শতাংশ ভোট পেয়েছেন। একইদিন পুয়ের্তো রিকোর রিপাবলিকানরা দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওর পক্ষে রায় দিয়েছেন। দলটির এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়ে দ্বিতীয় হয়েছেন। তবে সার্বিকভাবে দুটি দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ট্রাম্প ও হিলারিই এগিয়ে রয়েছেন।
 
রোববার রাতে মিশিগানের ফ্লিন্টে সিএনএন আয়োজিত বিতর্কে হিলারি ও স্যান্ডার্সের মধ্যে অর্থনৈতিক নীতির প্রশ্নে তীব্র বাকযুদ্ধ হয়েছে। শনিবার ভোটাভুটিতে স্যান্ডার্স কানসাস ও নেব্রাস্কা অঙ্গরাজ্যেও জয় পেয়েছিলেন। কিন্তু পরপর তিনটি অঙ্গরাজ্যে পরাজয় স্বত্বেও হিলারি লুইজিয়ানা অঙ্গরাজ্যে পাওয়া বড় জয় নিয়ে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।
 
অপরদিকে পুয়ের্তো রিকোতে রুবিও জিতলেও তিনি এখনও ট্রাম্প ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজের অনেক পেছনে রয়েছেন। ৮ মার্চ মঙ্গলবার মিশিগান ও মিসিসিপি অঙ্গরাজ্যে দুটি দলেরই প্রাইমারি অনুষ্ঠিত হবে এবং হাওয়াই ও আইডাহোতে শুধু রিপাবলিকান দলীয় ককাস অনুষ্ঠিত হবে। বিবিসি।